Apan Desh | আপন দেশ

চন্দ্রা-নবীনগর সড়কে ৩০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫১, ১৮ মার্চ ২০২৬

চন্দ্রা-নবীনগর সড়কে ৩০ কিলোমিটার যানজট

ছবি: আপন দেশ

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল থেকে মানুষ ছুটছেন গ্রামের পথে। এর প্রভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়ক জুড়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কয়েকশ কারখানা ছুটি হওয়ার পর থেকেই সড়কে চাপ বাড়তে থাকে। বিকেল সোয়া চারটার দিকে বৃষ্টি উপেক্ষা করেই যাত্রীরা ভিড় জমান উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যায়। একই সঙ্গে অতিরিক্ত যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এতে চন্দ্রা থেকে কোনাবাড়ী উড়ালসড়ক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক অচল হয়ে পড়ে। এছাড়া চন্দ্রা-নবীনগর সড়কের প্রায় ৬ কিলোমিটার এলাকাও স্থবির হয়ে যায়।

আরও পড়ুন <<>> চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

অনেক স্থানে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকতে দেখা গেছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। যানজটের বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার জানান, বৃষ্টি এবং কিছু চালকের অনিয়মিতভাবে গাড়ি চালানোর কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়