ফাইল ছবি
চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে। এ বছরই নির্বাচন হবে। যত দ্রুত সম্ভব তা আয়োজনের চেষ্টা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। অতীতেও এমন হয়েছে। এবার ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ফলে বৈশ্বিকভাবে সংকট তৈরি হয়েছে।
তবে বর্তমান সরকার দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে জানান তিনি। তার মতে, এর প্রভাবে দেশে এখনো তেলের দাম বাড়েনি। পাশাপাশি গার্মেন্টস খাতে বেতন বকেয়া নিয়ে যে ধরনের অস্থিরতা দেখা যায়, এবার তা হয়নি। কারণ হিসেবে তিনি আগাম প্রস্তুতির কথা উল্লেখ করেন।
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে তারা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। যেসব বিষয়ে সম্মতি রয়েছে, সেগুলো থেকে এক চুলও সরে আসা হবে না।
তবে যেসব বিষয় চাপিয়ে দেয়া হয়েছে, সেগুলো সবসময় মেনে নেয়া সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান।
আরও পড়ুন <<>> সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২
সংসদে বিষয়টি তোলার আহবান জানিয়ে তিনি বলেন, পার্লামেন্টে আলোচনা হলেই সমাধানের পথ বের করা সম্ভব। আলোচনার ভিত্তিতে প্রয়োজন হলে সমঝোতায় পৌঁছানো যাবে।
তিনি আরও বলেন, সংসদে আলোচনা না করে যদি আগেই রাস্তায় হুমকি দেয়া হয়, তাহলে সংসদীয় ব্যবস্থার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়।
এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সংসদ কার্যক্রম শুরু হয়েছে মাত্র। এখন বিভিন্ন বিষয়ে আলোচনা, বিতর্ক ও ওয়াকআউট হবে। এগুলোই সংসদের স্বাভাবিক প্রক্রিয়া। তার মতে, তর্ক-বিতর্ক ও মতবিরোধ না থাকলে সংসদ কার্যকর বলা যাবে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































