Apan Desh | আপন দেশ

মারা গেছেন শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৯, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ২৩:৫১, ১৫ মার্চ ২০২৬

মারা গেছেন শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর

ফাইল ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিবের বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তাদের বাড়ি পুরান ঢাকার নিমতলি এলাকায়। রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পেশায় একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এগিয়ে গিয়ে দেখা যায়, এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে আহতের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তারা শহীদ মিনারের উপরে গিয়ে দেখেন, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে ঘটনাস্থলে থাকা লোকজন দৌড়ে গিয়ে এক যুবককে ধরে ফেলে। বর্তমানে তিনি শাহবাগ থানা হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন <<<>>> আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনার এলাকায় রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই উপস্থিত লোকজন একজনকে আটক করে। রাকিবের মাথায় গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়