Apan Desh | আপন দেশ

দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৩০, ১২ মার্চ ২০২৬

দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো: প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। এ সংসদ হবে সব ‍যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এদিন অধিবেশনের শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। এ সময় গণঅভ্যুত্থানে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন-সংগ্রামে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। 

সংসদ নেতা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।

আরও পড়ুন<<>>সংসদের প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ 

তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতি পদ শূন্য রেখেই শুরু হয় অধিবেশন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার পর বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়