শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার অভিযোগে ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, হাদী হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি। সত্যি হয়ে থাকলে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের ফেরত চাওয়া হবে। কূটনীতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে এ দুজনকে ফিরিয়ে আনা হবে। রবিবার (০৮ মার্চ) কলকাতায় আমাদের হাইকমিশনের কর্মকর্তারা ভারতের কাছে কনস্যুলার এক্সেস চেয়েছে। এ এক্সেস পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কলকাতা থেকে এখনো কিছু জানায়নি।
আরও পড়ুন <<>> হাদী হত্যার বিচার নিয়ে ইনকিলাব মঞ্চের বার্তা
তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারে সরকার সচেষ্ট আছে।
কবে নাগাদ ফেরত আনা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সেটা আমরা এখনো কিছু বলতে পারছি না। যেহেতু এটা একটা অন্য দেশের আইন আদালতের ব্যাপার তো, যেহেতু মাত্র এ ঘটনাটা ঘটেছে, আমরা কূটনীতির মাধ্যমে চেষ্টা করছি, কাউন্সিলর এক্সেস আমরা চেয়েছি, রুলস প্রসিডিউর আমাদের ফলো করতে হবে। তো আমাদের অপেক্ষা করতে হবে, পরবর্তী পদক্ষেপ কী সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আশা করবো, ভারত আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































