দেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ধর্মগুরুদের জন্য ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির উদ্বোধন আগামী ১৪ মার্চ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (০৮ মার্চ) এ তথ্য জানান মো. ইসমাইল জাবিউল্লাহ। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
মো. ইসমাইল জাবিউল্লাহ জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা।
এছাড়া প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সেখানে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এতে বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা করে পাবেন। প্রতিটি খ্রিস্টান চার্চের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এতে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।
মো. ইসমাইল জাবিউল্লাহ আরও জানান, ধর্মীয় উৎসব উপলক্ষে অতিরিক্ত বোনাস দেয়া হবে। মসজিদে কর্মরতদের ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বছরে দুইবার এক হাজার টাকা করে দেয়া হবে। অন্যদিকে দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা বা বড়দিন উপলক্ষে সংশ্লিষ্টদের দুই হাজার টাকা করে বোনাস দেয়া হবে। তবে যেসব মসজিদ সরকারি বা দেশি-বিদেশি সংস্থার অনুদান পায়, সেসব ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে।
আরও পড়ুন <<>> ঈদের ছুটি বাড়াল সরকার
তিনি বলেন, চলতি অর্থবছরের মার্চ থেকে জুন পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নে প্রায় ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে। পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হলে প্রতি অর্থবছরে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা প্রয়োজন হবে।
এ সম্মানী চার বছর ধরে পর্যায়ক্রমে দেয়া হবে। অর্থ ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে এবং ধাপে ধাপে দেশের সব ধর্মীয় উপাসনালয়কে এর আওতায় আনা হবে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও প্রশাসনিক সহায়তার ব্যবস্থাও নেয়া হবে। পাশাপাশি তাদের জন্য একটি চাকরির বিধিমালা প্রণয়নের প্রস্তাবও করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































