ছবি : আপন দেশ
সরকারের বিভিন্ন মন্ত্রনালয়, দফতরসহ জনপ্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদী এবং জামায়াতপন্থী কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। একইসঙ্গে বঞ্চিত ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সঙ্গে বৈঠকে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নেতৃবৃন্দ।
শিল্প সচিব ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. ওবায়দুর রহমান এবং মহাসচিব অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়ার নেতৃত্বে ২৫-৩০ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। বৈঠকে মূলত প্রশাসনের সংস্কার এবং নিরপেক্ষতা বজায় রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়।
আরও পড়ুন<<>>মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব
বিগত সরকারের সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যেসব 'ফ্যাসিস্ট' কর্মকর্তা কর্মরত ছিলেন, তাদের অবিলম্বে সরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কারণে পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের যোগ্যতার ভিত্তিতে ‘রিভিউ’ প্রদানের মাধ্যমে দ্রুত পদোন্নতি নিশ্চিত করার আহবান জানানো হয়েছে। প্রশাসনে গতিশীলতা আনতে যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের সচিব হিসেবে নিয়োগ দেয়ার দাবি তোলা হয়েছে।
কোনো ফ্যাসিস্ট কর্মকর্তা যেন কোনো রাষ্ট্রীয় শপথ অনুষ্ঠানে যোগ দিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, প্রশাসনকে কলঙ্কমুক্ত করতে এবং জনসাধারণের সেবায় একটি নিরপেক্ষ আমলাতন্ত্র গড়ে তুলতে এ সংস্কার অপরিহার্য। তারা প্রশাসনের প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদের চিহ্ন মুছে যোগ্যদের মূল্যায়ন নিশ্চিত করার ওপর জোর দেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































