Apan Desh | আপন দেশ

তিন আসনের ফল প্রকাশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০১:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তিন আসনের ফল প্রকাশ স্থগিত

ফাইল ছবি

আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী ফলাফল প্রকাশ করবে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ বিষয়ে পৃথক তিনটি চিঠি জারি করেছে কমিশন। চিঠিগুলো সংশ্লিষ্ট তিন আসনের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

ইসি জানায়, আপিল বিভাগে দায়ের করা মামলার আদেশের আলোকে সংশ্লিষ্ট তিন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। তবে মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের ক্ষেত্রে প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিষয়ে আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পেরেছেন। তবে ওই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪০/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নেন। তবে মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন<<>> জোটের ফল

শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর ক্ষেত্রেও ফলাফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪২/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্বৃত) মামলার চূড়ান্ত আদেশের ওপর তার নির্বাচনী ফলাফল নির্ভর করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়