ছবি: আপন দেশ
ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনের কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর এ তথ্য জানান।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৪, ১৬ ও ১৮ এ তিনটি আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লে. কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা–যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকির মাত্রা বিবেচনায় কেন্দ্রগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো— অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকিপূর্ণ এবং সাধারণ কেন্দ্র। প্রতিটি শ্রেণি অনুযায়ী আলাদা নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে।
আরও পড়ুন <<>>‘জাবেরের গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতা’
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই করার আহবান জানানো হয়েছে। ভুল তথ্য বা উসকানিমূলক সংবাদ পরিবেশন যেন না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের সময় প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করবে সেনাবাহিনী। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান সেনাবাহিনীর লে. কর্নেল ফুয়াদ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































