Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

ছবি : আপন দেশ

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এদিকে, যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।

বিজিবি মোতায়েনের পর ডিএমপির পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হলো।

এর আগে যমুনার সামনে অবস্থান নেয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় পুলিশকে আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়।

শুক্রবার দুপুর ১২টার পর থেকে এ সংঘর্ষ শুরু হয়। 

সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।

আরও পড়ুন : যমুনার সামনে পুলিশ-চাকরিজীবীদের দফায় দফায় সংঘর্ষ

বিগত দিনে বারবার আশ্বাস দেয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়