সারাদেশে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। তবে তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল মঙ্গলবার থেকে। চলতি এপ্রিল মাসের বাকি সময়টা তাপপ্রবাহ থাকতে পারে। তবে অতি তীব্র তাপপ্রবাহ আর হবে না। দেশের দু-একটি জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহের মধ্যে নেই। জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে মঙ্গলবার থেকে তা আবার বাড়তে পারে। আসলে এ মাসে তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়া অধিদফতর আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলেছে, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের ৪০টির বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























