ছবি: আপন দেশ
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তবে ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে শুধু গ্রেফতারই যথেষ্ট নয়। এজন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২৬ জুন) পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
একই সঙ্গে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদারের পাশাপাশি প্রশাসন ও সরকারকে সহযোগিতা করতে দেশের নাগরিকদের প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সংসদে চূড়ান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধারাবাহিক সামাজিক কর্মসূচি পরিচালনা জরুরি।
আরও পড়ুন<<>>> পদ্মার চরে বিএনপির কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত
অনুষ্ঠানে পঞ্চগড়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাহুল সেন মাদকের ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি মাদক নির্মূলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
উল্লেখ্য, রাহুল সেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে যোগদানের পর থেকে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কেনাবেচা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। ফলে মাদক কারবারিদের কাছে তিনি আতঙ্কের নাম হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট ফরিদ রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































