ছবি : আপন দেশ
মেহেরপুর সীমান্ত দিয়ে চতুর্থবারের মতো ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা চালানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর কড়া বাধার মুখে পিছু হটে ওই ৩ জনকে পুনরায় ভারতে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২৬ জুন) ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতের কোনো এক সময় আন্তর্জাতিক প্রধান সীমানা পিলার ১৩৬ নম্বরের কাছে ১৩৫/৭ এস পিলারের কাঁটাতারের গেট পার করে দুই পুরুষ ও এক নারীকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ। ভোরে তারা ধলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল ও স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দেন।
বাধা পেয়ে ওই ৩ জন দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান করেন। পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থানের কারণে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওই ৩ জনকে পুনরায় কাঁটাতারের ওপারে ভারতে ফেরত নেয় বিএসএফ।
তথ্যটি নিশ্চিত করেছেন ধলা বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার। তবে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো ওই দুই পুরুষ ও এক নারীর নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা
এ বিষয়ে বিজিবি কিংবা বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































