Apan Desh | আপন দেশ

মো. আলমগীর হোসেনের কবিতা ‘মাগো আমায় নিয়ে যাও’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ১০ মে ২০২৬

মো. আলমগীর হোসেনের কবিতা ‘মাগো আমায় নিয়ে যাও’

ছবি : আপন দেশ

মাগো আমায় নিয়ে যাও

​ঘরের কোণে আঁধার নামে, বুকের ভেতর ডর,
আপন ঘরেই আমি এখন চিরকালের পর।
সৎ মা যখন অকারণে বিষের কাঁটা ফোটায়,
আমার চোখের নোনা জল কি কেউ কখনো জোটায়?

শরৎ শেষের ঝরা পাতা পায়ের তলায় পিষে,
কান্না আমার আকাশ ছোঁয়া, হাওয়ার সাথে মিশে।
​পিতার চোখে অন্য মায়া, আমায় কি আর দেখে?
আগের মতো পরম সুখে দেয় না আদর মেখে।

নিঃশব্দে যাই সয়ে দাগ, নীল হয়ে যায় বুক,
হারাই গেছে অনেক আগে আমার হাসি মুখ।
মুখে কোনো নেই যে ভাষা, ঝরে চোখের বান—
ভেতর পুড়ে ছাই হয়ে যায়, মলিন যে মুখখান।

​তোমার শীতল কবর পাশে বসে যখন কাঁদি,
ভাবি মাগো, তোমার সাথে আমার এ ঘর বাঁধি।
আঁচল পেতে ডাকো না মা, হাত বাড়িয়ে নাও,
এই পৃথিবীর নরক থেকে আমায় মুক্তি দাও।

মাটি চিড়ে আসবে কি মা, একটু আমায় নিতে,
তোমার বুকের আদর সোহাগ আমায় যদি দিতে।
​কেউ দেখে না বুকের ক্ষত, আমার আর্তনাদ,
আমার কপাল পূর্ণ করুক তোমার আশীর্বাদ।

মায়ের কাছে যাওয়ার নেশায় অবুঝ আঁখি ঝরে—
একলা শিশু ডুকরে কাঁদে আঁধার মাখা ঘরে।
তুমিই ছিলে এই পৃথিবী, তুমিই ছিলে ছায়া—
মাগো আমায় যাও নিয়ে যাও, করে আদর মায়া।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়