ছবি: সংগৃহীত
ঘি তৈরিতে সাধারণত ব্যবহৃত হয় মহিষের দুধ বা গরুর দুধ। মহিষের দুধ থেকে তৈরি হয় সাদা বর্ণের ঘি। যা বেশি ঘন ও শক্তিসমৃদ্ধ। অন্যদিকে গরুর দুধ থেকে তৈরি হলুদ ঘি। যে ঘি সহজে হজম হয় এবং ভিটামিন এ-তে ভরপুর।
আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এ দুটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। তবে প্রশ্ন আসে কোনটি বেশি উপকারী?
সাদা ঘি এবং হলুদ ঘি। এদের রঙ দেখে অনেকেই বিভ্রান্ত হন। বুঝতে পারেন না কোনটি বেশি ভালো। চলুন জেনে নেয়া যাক এ দুটির মধ্যে পার্থক্য এবং কোনটি বেশি উপকারী বলে বিবেচিত হয়।
সাদা ঘি: সাদা ঘি সাধারণত মহিষের দুধ থেকে তৈরি করা হয়। মহিষের দুধে খুব কম পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে। তাই তা থেকে তৈরি ঘি দেখতে সাদা বা হালকা ক্রিম রঙের হয়। এর ঘনত্ব কিছুটা বেশি এবং এটি বেশিদিন ভালো থাকে।
আরও পড়ুন <<>> প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
হলুদ ঘি: হলুদ ঘি প্রধানত গরুর দুধ থেকে তৈরি হয়। গরুর দুধে বিটা-ক্যারোটিন নামক একটি যৌগ থাকে। যা ঘি-কে তার স্বাভাবিক হলুদ রঙ দেয়। এ একই যৌগ শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা চোখ ও ত্বকের জন্য উপকারী বলে মনে করা হয়।
সাদা ও হলুদ ঘিয়ের মধ্যে প্রধান পার্থক্য
১. রঙ: সাদা ঘি মহিষের দুধ থেকে তৈরি হয় এবং দেখতে সাদা। হলুদ ঘি গরুর দুধ থেকে তৈরি হয় এবং এর রঙ হালকা হলুদ।
২. স্বাদ ও গন্ধ: মহিষের দুধের ঘি বেশি ঘন ও ক্রিমি হয়। গরুর ঘিতে আরও বেশি সুগন্ধ থাকে এবং এর স্বাদ মৃদু ও স্বতন্ত্র বলে মনে করা হয়।
৩. হজম: গরুর ঘি তুলনামূলকভাবে দ্রুত হজম হয়। মহিষের ঘি কিছুটা ভারী বলে মনে করা হয়। এটি হজম হতে বেশি সময় লাগতে পারে।
৪. পুষ্টি: গরুর ঘিতে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন এ বেশি থাকে। মহিষের ঘিতে ক্যালোরি এবং চর্বি তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।
কোন ঘি বেশি ভালো?
এটি সম্পূর্ণভাবে ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে। আপনি যদি হালকা, সহজে হজমযোগ্য এবং ভিটামিন এ সমৃদ্ধ বিকল্প চান, তবে হলুদ গরুর ঘি বেশি ভালো হতে পারে।
তবে, যাদের বেশি শক্তির প্রয়োজন অথবা যারা ঘন ঘি-এর গঠন ও স্বাদ পছন্দ করেন, তাদের জন্য সাদা মহিষের ঘি একটি ভালো পছন্দ হতে পারে।
আপন দেশ/এসএস





































