Apan Desh | আপন দেশ

এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১২, ১৮ অক্টোবর ২০২৬

এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ

ছবি : আপন দেশ

আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়।

পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, ওই রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ রয়েছে।

আরও পড়ুন <<>> পর্যটনখাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

জানা গেছে, মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর রোগীকে দ্রুত নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।

তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়