Apan Desh | আপন দেশ

পূজায় নারিকেল-গুড়ের বাজার জমজমাট

আমিনুল জুয়েল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৬, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৪৩, ১৮ অক্টোবর ২০২৬

পূজায় নারিকেল-গুড়ের বাজার জমজমাট

ছবি: আপন দেশ

দুর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব। মহলয়ার মধ্যে দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বড় এ উৎসব। দুর্গাপূজাকে ঘিরে বগুড়ার আদমদীঘিতে বেড়েছে নারিকেল ও গুড়ের কদর। পূজাকে ঘিরে স্থায়ী দোকানের পাশাপাশি মৌসুমী ব্যবসায়ীরাও নারিকেল বিক্রি করছেন। পূজায় প্রতিটি নারিকেল ও গুড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে।

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন বাজার, মৌসুমী দোকানও গুড় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা বছর টুকটাক কেনাবেচা হলেও মেলা ও দুর্গাপূজায় বিক্রি বাড়ে। এজন্য বাজারে তুলনামূলক দাম কিছুটা বেশি। পূজায় অতিথি আপ্যায়নে বিভিন্ন ধরনের খাদ্য পরিবেশন করা হয়। যার অন্যতম হচ্ছে নাড়ু। আর নাড়ু তৈরির মূল রশদ হলো নারিকেল, গুড় ও চিনি। ফলে সারাদেশে একসঙ্গে চাহিদা বৃদ্ধি পাওয়ায় নারিকেল ও গুড়ের কদর কিছুটা বেড়ে যায় পূজায়।

আদমদীঘি বাজারের গুড় ও নারিকেল ব্যবসায়ী সেন্টু মণ্ডল জানান, গত বছরের তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে। সেজন্য স্বস্তিতে রয়েছে ক্রেতারা। বর্তমান বাজারে আকারভেদে এক জোড়া দেশি নারিকেল বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে শুরু করে ২৩০ টাকায়। আর ভারতীয় নারিকেল ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতি পিস ছোট নারকেল ৭০, মাঝারি ৯০, আর বড় নারকেল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। 

আরও পড়ুন<<>>রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার-ঠিকাদারকে শোকজ

সদরের গোরগ্রাম এলাকার ব্যবসায়ী জহুরুল ইসলাম জানান, পূজায় গুড় ও নারিকেলের বেচা-কেনা বাড়ে। এ মৌসুমে নারিকেলের দাম বাড়েনি। ভারতীয় নারিকেলের সরবরাহ বেশি থাকায় দাম স্থিতিশীল রয়েছে। তবে গুড়ের দাম ৫ থেকে ১০ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

এদিকে সুদিন পাল্লা গ্রামের গুড় ও আটা ব্যবসায়ী পরিমল দেবনাথ, দিলিপ এবং গবিন্দ নামের ব্যবসায়ীরা জানান, এক চৌকি (পাটা) গুড় ২৩শ’ থেকে ২৪শ’ টাকায় কিনতে হয়। এবছর গুড়ের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে, সাধারণ গুড় ১১০ টাকা দরে বিক্রি হলেও নাড়ু ও মোয়ার জন্য বিশেষ গুড় যা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বছরের অন্য সময়ের তুলনায় পূজায় বেশি দামে নারিকেল ও গুড় কিনতে হয়। অনেক সময় মৌসুমী ব্যবসায়ীদের কাছে পণ্য কিনে প্রতারিত হয় ক্রেতারা। ভালো মানের পণ্য যাচাই করতে হিমশিম খেতে হয় তাদের। আর বিক্রেতারা বলছেন, এবছর পূজায় দাম স্বাভাবিক রয়েছে। পূজার পরে দাম আরও কমবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়