ছবি: আপন দেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি মো. সিরাজুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৮ অক্টোবর) বিকেল চারটার দিকে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সিরাজুল ওই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধামদী এলাকা থেকে সিরাজুলকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন<<>>নাটোর সদর হাসপাতালে হুইপ দুলুর আকস্মিক পরিদর্শন
পুলিশের দাবি, সিরাজুল অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং এজেন্ট হিসেবে কাজ করেন। তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, সিরাজুল ক্যাসিনো সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, অনলাইন জুয়া, মাদক ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































