Apan Desh | আপন দেশ

রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার-ঠিকাদারকে শোকজ

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৮, ১৮ অক্টোবর ২০২৬

রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার-ঠিকাদারকে শোকজ

ছবি: আপন দেশ

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালে পার্ক বাজার অংশে নির্মাণাধীন বক্স কালভার্টের সাটারিং এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় টাঙ্গাইল সদর আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়।

পৌর কর্তৃপক্ষ কর্তৃক সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান ও ঠিকাদারি প্রতিষ্ঠান এফএ ট্রেডার্সকে (শোকজ) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সে সঙ্গে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কার্যসহকারী আব্দুল আওয়ালকে চাকরিচ্যুত করা হয়েছে।

১৩ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দকৃত এ বক্স কালভার্টে বাশঁ ব্যবহারের ঘটনায় জেলা জুড়ে আবারও সমালোচনার ঝড় উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় ১৭ অক্টোবর টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পালকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। কমিটির সদস্য সচিব এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও সদস্য করা হয়েছে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলামকে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  

আরও পড়ুন<<>>রাতের আধারে সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ঘটনার বিবরণে জানা যায়, ১৩ লাখ ৮৮ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে খালের উপর বক্স কালভার্ট নির্মানের জন্য এফ এ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় টাঙ্গাইল পৌরসভা। নির্মিত কালভার্টের সাটারিং-এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই করার সময় গত বুধবার ধ্বসে যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক ভাবে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য পৌর প্রশাসককে নির্দেশ দেন। এর পর টাঙ্গাইল পৌরসভা থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম বলেন, সমস্যাযুক্ত অংশটি ভেঙে ফেলা হয়েছে। মজবুতভাবে সাটারিং এর কাজ চলছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে মূল বিষয়টি জানা যাবে।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় এমপি ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, দ্রুত পদক্ষেপ নেয়ার কথা বলেন। এর পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষনিকভাবে কাজ বন্ধ করা হয়েছে। পুনরায় সাটারিং করে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত কমিটির গঠন করে দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন হবে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়