ছবি: আপন দেশ
রাজধানীর মৌচাক এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহবায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ জুন) আসামিদের ঢাকা মহানগর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
মামলার তদন্তের স্বার্থে এক নম্বর আসামি দিদারুল ইসলাম বাবুর পাঁচ দিনের এবং দুই নম্বর আসামি রিয়াজুল হাসানের চার দিনের রিমান্ডে দেয়া হয়েছে।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, নিহত বিল্লাল হোসেন তালুকদার পেশায় সিমেন্ট ও বালু ব্যবসায়ী ছিলেন। কয়েকদিন আগে মৌচাক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী অম্বিয়া খাতুন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাতনামা আরও ২৭ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় ৪৮ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন <<>> বিয়ে বিতর্ক মামলায় নাসির-তামিমা খালাস
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করে। তদন্তকারী কর্মকর্তা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্তকরণ এবং পলাতকদের গ্রেফতারের স্বার্থে আসামিদের রিমান্ডে নেয়ার আবেদন করেন।
রমনা বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































