ফাইল ছবি
জামিন পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ এর বিচারক মঈন উদ্দিন চৌধুরীর এ আদেশ দেয়।
এদিন আসামিপক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামি খুবই নিরীহ ও সহজ-সরল প্রকৃতির ব্যক্তি। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠানে সম্মানজনক পদে ছিলেন। গত ২ ফেব্রুয়ারি থেকে ৭১ দিন ধরে জেলহাজতে রয়েছেন।
বর্তমানে শারীরিকভাবে খুবই অসুস্থ থাকার কারণে মানবিক দৃষ্টিকোন থেকে জামিনের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত আসামির পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, উত্তরা ৯ নং সেক্টরের শফিকুর রহমান তার বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর গোলাম মোস্তফাকে জানায় বাসায় বাচ্চা দেখাশোনার জন্য তারা ছোট মেয়ে খুঁজছে। পরে তাদের সাথে মোস্তফা দেখা করেন।
শফিক ও তার স্ত্রী মোস্তফাকে জানায়, তারা মেয়েকে বিবাহসহ যাবতীয় খরচ বহন করবে। তাতে সম্মত হয়ে গত বছরের জুন মাসে মোহনাকে ওই বাসায় কাজে দেন মোস্তফা। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর ওই বাসায় মোহনাকে সুস্থ অবস্থায় দেখে আসেন তিনি।
এরপর আসামিরা আর মোহনাকে পরিবারের সাথে দেখা করতে দেয়নি। গত ৩১ জানুয়ারি আসামি বিথী বাদী মোস্তফাকে ফোন করে জানান, মোহনা অসুস্থ। তাকে নিয়ে যেতেও বলেন। এরপর তাকে আনতে যান গোলাম মোস্তফা। বাসায় গেলে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে আসামি বিথী শিশু মোহনাকে তার বাবার কাছে বুঝিয়ে দেন।
আরও পড়ুন <<>> কারাগারে নেয়ার পথে প্রিজনভ্যানে আহত পলক
তখন মোস্তফা মোহনার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম দেখতে পান। সে ভালোভাবে কথাও বলতে পারছিল না। বাদী বিথীকে এর কারণ জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে পারেনি। পরে তিনি মোহনাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
বাদীকে তার মেয়ে মোহনা জানায়, গত ২ নভেম্বর বাদী দেখা করে যাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অকারণে শফিকুর রহমান এবং বিথীসহ অজ্ঞাতনামা আসামিরা তাকে মারধরসহ খুন্তি আগুনে গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় ভিক্টিমের বাবা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এরপর বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























