ফাইল ছবি
নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার প্রেক্ষিতে জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গ্রেফতারর হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী, যিনি আবু বক্কর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত, তার সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।
আরও পড়ুন<<>>দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
এ ছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।
এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































