Apan Desh | আপন দেশ

নববর্ষের নিরাপত্তায় থাকছে স্পেশাল কমান্ডো ফোর্স

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৩, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:১৬, ১৩ এপ্রিল ২০২৬

নববর্ষের নিরাপত্তায় থাকছে স্পেশাল কমান্ডো ফোর্স

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যেকোনো ধরনের নাশকতামূলক হামলা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি এসব কথা জানান।

র‍্যাবের মহাপরিচালক বলেন, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র‍্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। 

আরও পড়ুন<<>>‘মঙ্গল’ নামেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল- শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

র‍্যাবের ডিজি বলেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইতোমধ্যে সুইপিং কার্যক্রম চালাচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এছাড়া সারাদেশে কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, সিসিটিভি মনিটরিং এবং পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হয়েছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি। তবে গুজব, উস্কানিমূলক বা মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

র‌্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষের অনুষ্ঠানস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। 

সর্বসাধারণের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কোনো সন্দেহজনক তথ্য বা নিরাপত্তা ঝুঁকি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের মহাপরিচালক বলেন, বর্তমানে কোনো ধরনের হুমকি আমরা অনুভব করছি না। তিনি আশা প্রকাশ করেন, আগের বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়