Apan Desh | আপন দেশ

৫ দিনের রিমান্ডে মামুন খালেদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪১, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৩০, ২৬ মার্চ ২০২৬

৫ দিনের রিমান্ডে মামুন খালেদ

শেখ মামুন খালেদ। ছবি: আপন দেশ

মিরপুরে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সামরিক কর্মকর্তা শেখ মামুন খালেদকে (৬৩) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনের উপপরিদর্শক কফিল উদ্দিন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষে আইনজীবী নজরুল ইসলাম খান পাখি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেলোয়ার হোসেন (৪০) ছাত্র-জনতার সঙ্গে অবস্থান করছিলেন। এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের শতাধিক সশস্ত্র ব্যক্তি বিভিন্ন দিক থেকে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।

গুলিতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান।

আরও পড়ুন <<>> ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

রিমান্ড আবেদনে বলা হয়েছে, এ ঘটনার সঙ্গে শেখ মামুন খালেদের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর আগে বুধবার (২৫ মার্চ) রাত ১২টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা গেছে, শেখ মামুন খালেদ ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১১ সালের ২৩ জুন থেকে ২০১৩ সালের ৭ মার্চ পর্যন্ত সংস্থাটির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়