ইকবাল করিম ভূঁইয়া
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়াকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি বিশেষ মন্তব্য করেছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, আপনি উত্তরপাড়ার বিশেষজ্ঞ, আর আমরা দক্ষিণপাড়ার বিশেষজ্ঞ।
রোববার (০১ মার্চ) গুম ও খুনের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের আইনজীবীর জেরার সময় এ মন্তব্য করা হয়। আজ ছিল সাবেক সেনাপ্রধানের জেরার তৃতীয় দিন।
জিয়াউল আহসানের আইনজীবী আমিনুল গণি টিটো তাকে সেনাবাহিনীর আবাসন প্রকল্প ‘জলসিঁড়ি’ নিয়ে বিস্তারিত প্রশ্ন করেন। জবাবে ইকবাল করিম বলেন, তিনি ওই প্রকল্পের প্রধান ছিলেন। রূপগঞ্জের ২৪টি মৌজায় জমি কেনা নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন।
তিনি বলেন, সেনাবাহিনী ক্যাম্পে আক্রমণ ও আগুন দেয়ার ঘটনায় আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি চালিয়েছিল। ঘটনার সময় জেনারেল মুবিন সেনাপ্রধান ছিলেন ও অপারেশন পরিদফতর এটি নিয়ন্ত্রণ করেছিল।
জেরার একপর্যায়ে সাবেক সেনাপ্রধানের দীর্ঘ ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আপনাকে এত ব্যাখ্যা দিতে হবে না। আপনি উত্তরপাড়ার এক্সপার্ট আর আমরা দক্ষিণপাড়ার এক্সপার্ট।
জমির মূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে ইকবাল করিম বলেন, বিঘাপ্রতি জমি ১২ থেকে ১৩ লাখ টাকায় কেনা হয়েছিল। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি তার এখতিয়ারে ছিল না বলেও জানান তিনি। এছাড়া তিনজনের মৃত্যুর ঘটনায় কোনো ‘কোর্ট অব ইনকোয়ারি’ করা হয়নি বলেও তিনি ট্রাইব্যুনালকে জানান।
পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন জাতীয় প্রকল্পে সেনাবাহিনীর সম্পৃক্ততা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক প্রকল্পের সঙ্গে সেনাবাহিনী যুক্ত ছিল, তবে নির্দিষ্ট সংখ্যা তার মনে নেই। এসব প্রকল্পে কোনো দুর্নীতি হয়েছিল কি না, তা তার জানা নেই বলে উল্লেখ করেন।
জেরার একপর্যায়ে কর্মকর্তাদের পোস্টিং নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তূজা তাকে সতর্ক করে বলেন, এটা সর্বোচ্চ আদালত। আপনি সাবধানে কথা বলবেন। কারণ আপনারও ক্ষতি হতে পারে, মামলারও হতে পারে।
আজকের ট্রাইব্যুনাল কার্যক্রমে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন– চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর শাইখ মাহদী, মঈনুল করিমসহ অন্যরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































