বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ আটজনের তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় এ রায় দেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রহীম।
রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পৃথক দুই ধারায় এ কারাদণ্ডের আদেশ দেন।
আরও পড়ুন <> বিএনপি নির্বাচন বন্ধ করতে লাশের রাজনীতি চায়: ওবায়দুল কাদের
দণ্ডবিধি ১৪৭ ধারায় এক বছর ও ৪৩৫ ধারায় দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাপাশি তাদের দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে।
আলালের আইনজীবী মোসলেহ উদ্দিন জসিম এবং তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ডা. শফিকুল ইসলাস মাসুদ, হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্য নেন আদালত।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































