ফাইল ছবি, আপন দেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রকৌশল অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি বিবেচনায় রয়েছে আরও একটি বিভাগ চালুর বিষয়। সবকিছু ঠিক থাকলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে নতুন বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫ সালের ০৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন করে ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির জন্য ইউজিসির কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত ০২ নভেম্বর ইউজিসির সঙ্গে এক সভায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবিত বিভাগগুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্স।
তবে প্রাথমিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর বিষয়ে ইউজিসির মৌখিক আশ্বাস পাওয়া গেছে। এ ছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর অনুমোদন পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন<<>>মেডিকেল ভর্তি পরীক্ষা পেছালো
জানা যায়, ইউজিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া সাপেক্ষে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। এদিকে, ওই শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ক্যাম্পাসের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন ক্যাম্পাসে প্রকৌশল অনুষদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের অ্যাকাডেমিক যাত্রা শুরু হতে পারে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে চারটি বিভাগ চালুর জন্য আবেদন জানানো হয়েছিল। তবে দুটি বিভাগ চালুর অনুমোদন আসতে পারে। আমরা আশা করি খুব দ্রুতই চূড়ান্ত অনুমোদন পেয়ে যাব।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, আমরা চারটি বিভাগ চালুর জন্য জানিয়েছিলাম তবে প্রাথমিকভাবে দুইটি বিভাগ চালুর অনুমোদনের মৌখিক আশ্বাস দিয়েছে ইউজিসি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































