Apan Desh | আপন দেশ

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপি পুত্র কারাগারে

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:২১, ৪ নভেম্বর ২০২৬

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপি পুত্র কারাগারে

ছবি: আপন দেশ

নাটোরের গুরুদাসপুরে ছাত্রনেতা শাকিল হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ আসনের বিএনপি এমপি আব্দুল আজিজের ছেলে যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে এ আদেশ দেন আদালত।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয় থেকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। সেখানে স্বাস্থ্য পরিক্ষা শেষে গুরুদাসপুর আমলী আদালতে হাজির করা হয়। 

এ সময় আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মাহমুদুল হাসান নুরুজ্জামান মিন্টুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলায় অধিক তদন্তের জন্য মিন্টুকে দ্বিতীয় দফায় আদালতের অনুমতিতে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। 

দুই দিনের রিমান্ড শেষে নুরুজ্জামান মিন্টুকে হাসপাতালে স্বাস্থ্য পরিক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

আরও পড়ুন<<>>ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকি

গত ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাটোরের গোয়েন্দা পুলিশ (ডিবি) নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের এমপি আব্দুল আজিজের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

পরের দিন নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আদালতের বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেয়া হয় মিন্টুকে।

নাটোরের এএসপি ইফতে খায়ের আলম জানান, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় পুলিশের তদন্ত কাজ গুরুত্বের সঙ্গে চলছে। তদন্তে পাওয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। অভিযানে এ মামলায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। পরে ২৬ অক্টোবর রাতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়