ছবি: আপন দেশ
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন বিমা ব্যবসা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। আর্থিক সংকট ও বিপুল পরিমাণ বকেয়া বিমা দাবি পরিশোধে ব্যর্থতার কারণে এ নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বুধবার (০৪ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোম্পানিটি নতুন কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি ইস্যু করতে পারবে না। একই সঙ্গে প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহও করতে পারবে না। এ নির্দেশ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
সোমবার (০২ নভেম্বর) জারি করা নির্দেশনায় আইডিআরএ জানায়, ২০২৫ সালে কোম্পানিটির বিমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ১৬২ কোটি টাকা।
এসব দাবি পরিশোধে পর্যাপ্ত অর্থের সংস্থান না থাকায় সম্পদ বিক্রি ও সরকারি ট্রেজারি বন্ড (বিজিটিবি) নগদায়নের নির্দেশ দেয়া হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করেনি প্রতিষ্ঠানটি।
নির্দেশনা অনুযায়ী, ৫৬ কোটি ৩৩ লাখ টাকার বিজিটিবি নগদায়নের কথা থাকলেও এ পর্যন্ত নগদায়ন হয়েছে মাত্র ১৪ কোটি ৫০ লাখ টাকা। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত ১০ কোটি টাকার বন্ড নগদায়নের নির্দেশনাও পালন করেনি কোম্পানিটি।
আইডিআরএর পর্যবেক্ষণ, বিপুল পরিমাণ বকেয়া দাবি থাকা অবস্থায় নতুন পলিসি বিক্রি অব্যাহত রাখলে কোম্পানির ভবিষ্যৎ দায় আরও বাড়বে। পাশাপাশি নতুন ব্যবসার কমিশন ও পরিচালন ব্যয়ের কারণে পুরোনো গ্রাহকদের দাবি পরিশোধের অর্থসংস্থান আরও কঠিন হয়ে পড়বে।
আরও পড়ুন <<>>সার্ভারে ভারত প্রবেশ করায় এনপিএসবি থেকে ‘ডিজিপে’ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক
বিমা আইন, ২০১০-এর ৫০(১)(ঙ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিজিটিবি নগদায়ন থেকে ১০ কোটি টাকা অথবা সম্পদ বিক্রি করে ১৫ কোটি টাকা সংগ্রহ করতে হবে। গ্রাহকদের দাবি পরিশোধের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে এ অর্থ জমা নিশ্চিত হলে নতুন পলিসি ইস্যুর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ থাকবে।
এদিকে নতুন ব্যবসা বন্ধ থাকলেও বিদ্যমান পলিসির নবায়ন প্রিমিয়াম সংগ্রহ, গ্রাহকদের অন্যান্য পাওনা পরিশোধ এবং পলিসির সব দায়-দায়িত্ব যথারীতি পালন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করেছে আইডিআরএ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































