ছবি: সংগৃহীত
আবারও উত্তাল হয়ে ওঠেছে মধ্যপ্রাচ্য। এবার ইয়েমেনের আকাশে সৌদি আরবের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। ধ্বংস হওয়া বিমানটি হলো এফ-১৫।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের মারিব অঞ্চলের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। যুদ্ধবিমান ভূপাতিত করতে স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
ইয়াহিয়া সারির ভাষ্য, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী (হুথি যোদ্ধারা) সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
হুতিদের দাবি, মারিবের আকাশসীমায় সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেয়ার সময় বিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
আল-জাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। তবে হুথিদের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।
ইয়েমেনে ২০১৫ সাল থেকে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করলে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট হস্তক্ষেপ করে। এরপর থেকেই দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন <<>> জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব ও হুতিদের মধ্যকার পুরোনো বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।
সৌদি কর্তৃপক্ষের দাবি, হুতিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শহরটিতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, সর্বশেষ ২০১৭ সালে হুথিরা মক্কার দিকে হামলার চেষ্টা করেছিল। তবে এবারের অভিযোগ অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। তাদের দাবি, তারা কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়নি।
উল্লেখ্য, মক্কায় নিরাপত্তা সতর্কতা জারির কয়েক মিনিট পরই তা প্রত্যাহার করা হয়। একই সময়ে সৌদি আরবের তাইফ ও জেদ্দা শহরেও সতর্কতা জারি করা হয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































