ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যেই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বিভিন্ন দেশ।
এরই মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) সরকারি সফরে চীন যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সফরে তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চীন সফরে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন আরাঘচি।’
আল জাজিরা সূত্রে জানা গেছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন আরাঘচি। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মক্কায় হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি
বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে চলমান নানা রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই আরাঘচির এই চীন সফর অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে তেহরান ও বেইজিং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইরান ও চীনের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা দীর্ঘদিনের। আরাঘচির এবারের সফরে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় গুরুত্ব পেতে পারে বলে মত দিয়েছে আন্তর্জাতিক মহলের।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































