ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হওয়ার মধ্যে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিছে দ্য জেরুজালেম পোস্ট।
ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে রয়েছে, একটি এ-১০ ‘ওয়ারথগ’ ও প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান। এর মধ্যে এ-১০ যুদ্ধবিমানটির একটি ডানা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়েছে কি না, তা নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় এসব ক্ষয়ক্ষতি হয়। এ-১০ থান্ডারবোল্ট- যেটি ‘ওয়ারথগ’ নামেও পরিচিত। সরাসরি হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে একটি ডানা হারিয়েছে। অন্যদিকে, প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও পরে সেগুলো আবার ব্যবহারে নেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়ে। জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানে এটি ব্যবহৃত হয়ে আসছে।
জর্ডানের মার্কিন ঘাঁটিতে এ হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। এর আগে মার্কিন বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার কথা জানায়।
ওয়াশিংটনের দাবি, মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের হামলার জবাবে এসব ট্যাংকারে হামলা চালানো হয়। এরপর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি পাল্টা হামলার দাবি করে।
ইরানি বাহিনী জানিয়েছে, তারা একাধিক জাহাজ ও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে জর্ডানের ঘাঁটিও ছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের হামলায় কোনো মার্কিন নৌযান আঘাতপ্রাপ্ত হয়নি এবং ইরানি বাহিনীর নৌযান লক্ষ্য করে চালানো হামলার সবকটিই ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, গত এক সপ্তাহে তারা ইরানের ১০টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































