ছবি : সংগৃহীত
নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে সরকার রাজি না হলে আর আলোচনার কোনো অর্থ নেই।
শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা লেখিছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো আপস হবে না। সরকার যদি এতে রাজি না হয়, তাহলে আর আলোচনার কোনো মানে নেই।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফার বৈঠক হয়। সেখানে আন্দোলনকারীদের দাবিগুলো নিয়ে সরকারের অভ্যন্তরীণ আলোচনা শেষে শনিবার বিকেলে আবার বৈঠকে বসার কথা জানানো হয়।
সিজেপির ৩টি প্রধান দাবি
১. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ;
২. আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা;
৩. নিট (NEET) প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ।
শুক্রবারের বৈঠকে কেন্দ্র সরকার নীতিগতভাবে আন্দোলনকারীদের দুটি দাবি—আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়া এবং ক্ষতিপূরণ দেয়া মেনে নিতে সম্মত হয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে এখনো কোনো সমঝোতা হয়নি।
আরও পড়ুন : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত: জয়সওয়াল
বৈঠক শেষে জে পি নাড্ডা বলেন, প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। আন্দোলনকারীরা তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা সংস্কার নিয়ে পাঁচটি প্রস্তাব দিয়েছেন। আমরা তাদের জানিয়েছি, সরকারের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে শনিবার বিকেলে আবার বৈঠকে বসব এবং আমাদের সিদ্ধান্ত জানাব।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































