ছবি : সংগৃহীত
কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি (৭৪) মারা গেছেন।
রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাজকীয় দফতর আমিরি দিওয়ান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এ অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম করুন। ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।
শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলেই কাতার জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে তিনি ‘ফাদার আমির’ হিসেবে পরিচিত ছিলেন।
আরও পড়ুন : হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
তার মৃত্যুতে কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিগগিরই তার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেয়া হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































