ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননের কাফর তিবনিত গ্রামে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি ব্যাটালিয়ন প্রধানসহ অন্তত চার সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক পাল্টা হামলা চালিয়েছেঅ যে হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্যরাতের পর কাফর তিবনিত গ্রামে হিজবুল্লাহর একটি সন্দেহভাজন ড্রোন বা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যেখানে ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডোর গেদালিয়া বেন সিমহন এবং তার ট্যাংকের অন্য তিন ক্রু সদস্য নিহত হন।
৩২ বছর বয়সি বেন সিমহন গত এপ্রিল মাসে এ ব্যাটালিয়নের দায়িত্ব নিয়েছিলেন। যখন এর আগের কমান্ডার দক্ষিণ লেবাননে গুরুতর আহত হন। এ প্রাণঘাতী হামলার মাত্র কয়েক ঘণ্টা পর একই গ্রামে হিজবুল্লাহর আরেকটি বিস্ফোরক ড্রোন ইসরায়েলি কমান্ডো ব্রিগেডের ওপর আঘাত হানে। এতে এক রিজার্ভ অফিসার গুরুতর আহত হওয়াসহ মোট পাঁচ ইসরায়েলি সেনা জখম হন।
আরও পড়ুন <<>> হরমুজে ২ মাস জাহাজ চলবে মাশুল ছাড়াই
এ রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের নাবাতিয়েহ, বেকা উপত্যকাসহ অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে তীব্র বোমাবর্ষণ শুরু করে।
আইডিএফের দাবি, হিজবুল্লাহর পুনঃপুন যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা এ হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর একাধিক কমান্ড সেন্টার ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসসহ বেশ কিছু প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এ ইসরায়েলি বিমান হামলার কারণে বহু এলাকায় হতাহতদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































