ছবি : সংগৃহীত
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বুধবার (১৫ এপ্রিল) জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা।
আরব নিউজ জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক কূটনীতি ও শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নেয়ার বিষয় এবং এতে পাকিস্তানের ভূমিকা বেশ গুরুত্ব পায়। আলোচনায় বলা হয়, ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে সংলাপ সহজ করতে ভূমিকা রাখছে পাকিস্তান। এসময় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ধারাবাহিক কূটনৈতিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা।
দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন দুই নেতা। সৌদি ক্রাউন প্রিন্স পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতি ও সৌদি–পাকিস্তান কৌশলগত অংশীদারত্ব জোরদারের প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কূটনৈতিক প্রচেষ্টারও প্রশংসা করেন সৌদি যুবরাজ।
সৌদি প্রেস এজেন্সির ভিডিও ফুটেজে দেখা যায়, বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ আল-আইবানসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকটিতে।
আরও পড়ুন : ইরানের সঙ্গে চুক্তি সম্ভাবনার কথা জানাল হোয়াইট হাউস
এর আগে সৌদি আরব, কাতার ও তুরস্কে চার দিনের কূটনৈতিক সফরের প্রথম গন্তব্য হিসেবে জেদ্দায় যান শেহবাজ শরিফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫-১৮ এপ্রিল পর্যন্ত তিনি এসব দেশে সরকারি সফর করবেন এবং তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরামে অংশ নেবেন। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পাক প্রধানমন্ত্রী।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































