ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার (০৩ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহেরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত ওই যুদ্ধবিমানের পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
প্রায় দুই সপ্তাহ আগে ইরানের আকাশে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। অভিযানের সময় সেটি আঘাত পেয়ে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সে সময় যুক্তরাষ্ট্র জানায়, ওই বিমানের পাইলট জীবিত আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
অন্যদিকে, ইরান তখন দাবি করেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছিল।
যদি এ দাবি সত্য হয়ে থাকে, তবে সেটিই ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানে ইরানের প্রথম সফল হামলার ঘটনা।
এফ-৩৫ ‘লাইটনিং টু’ বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। প্রতি ইউনিটের মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি। বর্তমানে ১৯টিরও বেশি দেশ এ বিমানটি ব্যবহার করছে বা অর্ডার দিয়েছে।
আরও পড়ুন : সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল
বিমানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ‘স্টেলথ’ বা রাডার এড়ানোর ক্ষমতা। বিশেষ নকশা, উপকরণ ও অভ্যন্তরীণ অস্ত্র বহন ব্যবস্থার কারণে এটি সহজে শনাক্ত করা যায় না। ফলে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও গভীর এলাকায় প্রবেশ করে অভিযান চালাতে সক্ষম এ যুদ্ধবিমান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































