ছবি : সংগৃহীত
দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েল দাবি করেছিল, তারা একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সঙ্গে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন।
আরও পড়ুন<<>>যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান
ওই হামলায় আলি লারিজানির ছেলে মোর্তজা লারিজানি এবং তার কার্যালয়ের প্রধান আলিরেজা বায়াতসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। কয়েক দশক ধরে ইরানের পরমাণু নীতি ও কৌশলগত সিদ্ধান্তে লারিজানি ছিলেন অন্যতম প্রধান কারিগর।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিঞ্জানিই ছিলেন ইরানের ‘ডি ফ্যাক্টো’ বা কার্যত নেতা।
তিনি একাধারে দেশটির সাবেক স্পিকার এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে হত্যার বিষয়টিকে ইরানের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আলি লারিজানির মৃত্যুর খবর জানানোর আগে বাসিজ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































