ফাইল ছবি।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, চলতি বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে। সে ক্ষেত্রে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার সরকারি ঘোষণার ওপর। চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই দেশটিতে ঈদের তারিখ নিশ্চিত করা হবে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সে ক্ষেত্রে শুক্রবার ২০ মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতরের সূচনা হবে।
তবে ওমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার ওপরই ঈদ ও রমজান শুরুর সিদ্ধান্ত নেয়। জ্যোতির্বিদদের হিসাবকে সেখানে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হয়। এসব হিসাবে চাঁদের উচ্চতা, সূর্যাস্তের পর দৃশ্যমান থাকার সময়কালসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য বিবেচনায় নেয়া হয়।
এ হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ মার্চ রমজানের শেষ দিন হতে পারে, এ বছর রোজা হতে পারে ২৯টি। যদি শুক্রবার ২০ মার্চ ঈদুল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয়, তাহলে ওমানে টানা পাঁচ দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে ও চলবে সোমবার ২৩ মার্চ পর্যন্ত।
সাধারণত ঈদ যদি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বা শনিবারে পড়ে, তাহলে অতিরিক্ত ছুটি দেয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী সরকারি ও বেসরকারি খাতে কাজকর্ম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে মঙ্গলবার ২৪ মার্চ।
বাংলাদেশে কবে হতে পারে ঈদ?
বাংলাদেশ সরকারের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (২১ মার্চ) চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারিভাবে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।
তবে এর ঠিক পরপরই ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায়, মাঝখানে ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































