ছবি: আপন দেশ
ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রংপুরের পীরগঞ্জে এ সংঘর্ষ ঘটে। বড় দারগা হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫)। তার ছেলে আরাফাত সানী সানভী (২২)। এছাড়া নিহত হয়েছেন গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫)।
আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন <<>> মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমীর
ওসি মিজানুর রহমান জানান, পীরগঞ্জের পেট্রোল পাম্প এলাকায় হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে রংপুরগামী আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
সে সময় দ্রুত গতিতে আসা হানিফ পরিবহণের যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর অবস্থায় রাজ্জাককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছেলে আরাফাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি মিজানুর বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































