Apan Desh | আপন দেশ

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা প্রদানকালে ৩০০ টাকা ঘুষ নিয়েছেন। সে ঘটনা সাংবাদিকের নজর এড়াতে তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে ২৯ হাজার টাকা ঘুষ দিয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৪ ফেব্রুয়ারি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ শাস্তি জানানো হয়। সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে ৩ ফেব্রুয়ারি থেকে।

প্রজ্ঞাপনে বলা হয়, শুধাংশু কুমার সাহা কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে এনআইডি সংশোধনের নামে ৩০০ টাকা অবৈধভাবে গ্রহণ করেন। গণমাধ্যম কর্মীরা এসময় ভিডিও ধারণ করলে তিনি তা প্রকাশ না করার জন্য সাংবাদিককে ২৯ হাজার টাকা ঘুষ দেন।

প্রাথমিক সত্যতা পাওয়া মাত্র তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। তদন্ত কর্মকর্তা ছিলেন ইসি সচিবালয়ের আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফরিদুল ইসলাম।

আরও পড়ুন <<>> হাদী হত্যা: রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছিলেন, কিন্তু তার জবাব সন্তোষজনক ছিল না। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শুধাংশু কুমার সাহা বর্তমানে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বে ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়