Apan Desh | আপন দেশ

মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৬, ৩ জানুয়ারি ২০২৬

মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। তাই ভেনেজুয়েলায় আর কোনো হামলা চালানো হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলার পর যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি এ তথ্য জানিয়েছেন।

অপরদিকে আটককৃত মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে। এখানেই হবে তার বিচার।

মাইক লি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ধারণা দিয়েছেন, মাদুরো যেহেতু এখন যুক্তরাষ্ট্রের হাতে, তাই ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না। মাদুরোকে আটকের ওয়ারেন্ট যারা বাস্তবায়ন করতে গিয়েছিলেন তাদের রক্ষায় ভেনেজুয়েলায় মধ্যরাতে এসব হামলা চালানো হয়েছে। 

আরও পড়ুন<<>>ভেনেজুয়েলায় হামলা, মাদুরোকে সস্ত্রীক আটকের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য চালান। সেখানে মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এ কারণে মাদুরোর বিরুদ্ধে ২০২০ সালেই পরোয়ানা জারি করা হয়েছিল। তাকে গ্রেফতার বা আটকে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, মাদুরোকে আটক করেছে ডেল্টা ফোর্স। এটি দেশটির সেনাবাহিনীর প্রধান সন্ত্রাসবিরোধী ইউনিট।

এরআগে, শনিবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বিস্ফোেরণের শব্দ শোনা যায়। এ সময় বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ বলেন, একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, আমার জানালার কাঁচ কাঁপছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাকাসে বিকট শব্দের পাশাপাশি যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। একই সঙ্গে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। শহরের দক্ষিণ অংশে একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, রাতে শহরের আলোঝলমলের মধ্যে আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্য একটি স্থানে আলোর ঝলকানির পরপরই বিকট শব্দ শোনা যায়।

সিবিএস নিউজ জানায়, কারাকাসে বিস্ফোরণ সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত রয়েছেন। ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন।

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে। এর ফলে মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়