ভারতের লোকসভা নির্বাচনে আজ সোমবার (১৩ মে) চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট সাত দফায় এ ভোট অনুষ্ঠিত হবে।
আজ ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের আটটি লোকসভা আসনও রয়েছে। এ ছাড়া লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচনও রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের আটটি, ওড়িশার চারটি, বিহার এবং ঝাড়খণ্ডের পাঁচটি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের শ্রীনগর আসনেও আজ ভোটগ্রহণ হচ্ছে।
আরও পড়ুন <> এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করবে আজ
সোমবার চতুর্থ দফার এ ভোটে ৯৬টি লোকসভা আসনে মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটার (আট কোটি ৯৭ লাখ পুরুষ ভোটার এবং আট কোটি ৭৩ লাখ নারী ভোটার) প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। চতুর্থ দফায় দক্ষিণ এশিয়ার এ দেশটিতে মোট এক কোটি ৯২ লাখ ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোটের দায়িত্বে থাকছেন ১৯ লাখেরও বেশি কর্মকর্তা এবং ভোটকর্মী।
চতুর্থ দফার এ ভোটে হেভিওয়েট যেসব প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে, তার মধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপির দিলীপ ঘোষসহ আরও অনেকে রয়েছেন।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































