ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল
ছোট পর্দার জনপ্রিয় মুখ ও দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পালের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের টেলিভিশনের মাধ্যমেই। ২০১৯ সালে ‘আরব্য রজনী’ ধারাবাহিক দিয়ে।
অভিনয় জীবন শুরু করার পর একে একে ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ এবং ‘পিলু’র মতো সিরিয়ালে কাজ করে ছোট পর্দায় পরিচিতি পান তিনি।
টেলিভিশনের গণ্ডি পেরিয়ে শাকিব খানের ‘প্রিয়তমা’ হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী ইধিকা পাল, যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু জানেন ইধিকা পালের আসল নাম কি?
দুই বাংলায় এখন একটাই নাম ইধিকা পাল। বাংলাদেশি ঢালিউড কিং শাকিব খানের ‘প্রিয়তমা’ হয়ে বড়পর্দায় আলোড়ন তোলার পর ইধিকা পাল এখন টালিউডের মেগাস্টার দেবের একের পর এক সিনেমার হিট নায়িকা। ‘খাদান’ সিনেমায় দেবের ‘কিশোরী’ রূপে ঝড় তুলেছেন ইধিকা পাল। এরপর ‘রঘু ডাকাত’ সিনেমার মতো চর্চিত প্রজেক্টেও দেখা গেছে তাকে।
একের পর এক বড় সুযোগ ছিনিয়ে নিচ্ছেন টালিপাড়ার এ সুন্দরী অভিনেত্রী। এককথায়, দেবের লাকি চার্ম ইধিকা পাল। ‘দেশু৭’ সিনেমায় আইটেম গার্ল হিসেবে দেখা মিলেছে ছোটপর্দার রিমলির। তবে পর্দার এ গ্লামারাস ইধিকা পালকে আমরা যে নামে চিনি, তার আসল নাম কিন্তু এটি নয়। ক্যারিয়ারের শুরুতেই নিজের আসল নাম ছেঁটে ফেলার বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।
টেলিভিশন জগত দিয়ে অভিনয় সফর শুরু করার সময় ইধিকার নাম ছিল টুম্পা পাল। হ্যাঁ, ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ কিংবা ‘রিমলি’ ধারাবাহিকের শুরুর দিকে তিনি ইন্ডাস্ট্রি ও পরিচিত মহলে ‘টুম্পা’ নামেই পরিচিত ছিলেন। সেটা সিনেমার পর্দায় এসে হারিয়ে গেছে নকলের কাছে। এখন সেই নকল নামেই সবাই তাকে একবাক্যে চেনে।
ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার জমি শক্ত করার সময়েই তিনি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ‘টুম্পা’ নামটি অত্যন্ত প্রচলিত ও সাধারণ শোনা যায়, গ্লামার জগতে এবং বড়পর্দায় ডেবিউ করার কথা ভেবেই একটু অনন্য ও গম্ভীর নামের খোঁজ করছিলেন তিনি। সে ভাবনা থেকেই পছন্দ করেন ‘ইধিকা’ নামটি।
আরও পড়ুন<<>>মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর
দেবী পার্বতীর আরেক নাম হলো ‘ইধিকা’, যার অর্থ অত্যন্ত পবিত্র ও সুন্দর। সে কারণে ভক্ত ও দর্শকমনে জায়গা করে নিতে তিনি ‘টুম্পা’ নামটি বদলে পর্দায় ‘ইধিকা পাল’ নামে আত্মপ্রকাশ করেন।
আজ ছোটপর্দা পেরিয়ে শাকিব খান ও দেবের মতো মেগাস্টারদের পাশে যখন ‘ইধিকা’ নামটা জ্বলজ্বল করছে, ঠিক তখনই বলাই যায়— নামবদলের এ সিদ্ধান্ত তার ক্যারিয়ারের ভাগ্যটাই পুরো বদলে দিয়েছে!
জানা গেছে, সব ঠিক থাকলে নাকি দেবের পর এবার জিতের নায়িকা রূপেও দেখা মিলবে ইধিকা পালের। যার পরিচালক পথিকৃৎ বসু।
সম্প্রতি একের পর এক বড় বাজেটের সিনেমায় বাণিজ্যিক সাফল্য পাওয়ার পর ইধিকার চাহিদা এখন তুঙ্গে। জিতের আগামী নতুন প্রজেক্টের জন্য প্রযোজনা সংস্থা ও পরিচালকদের প্রথম পছন্দ ইধিকা পালই, যা পরিচালনা করবেন ‘কে বলে বিপ্লবী কে বলে ডাকাত’ পরিচালক চিত্রনাট্য নিয়ে প্রাথমিক স্তরে কথাবার্তাও নাকি অনেকটাই এগিয়েছে! তবে এখন পর্যন্ত এ বিষয়ে অফিশিয়াল কিংবা আনুষ্ঠানিক কোনো ঘোষণা জিৎ কিংবা ইধিকা— কারও তরফ থেকেই আসেনি।
এ ছাড়া আগামীতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘কুইন ভিক্টোরিয়া’ ও গোয়েন্দা ‘কানাইচরণ’ সিনেমাতেও দেখা মিলবে ইধিকা পালের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































