Apan Desh | আপন দেশ

কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

ছবি : সংগৃহীত

কলকাতায় হচ্ছে পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। এ আয়োজনে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘জয়া আর শারমিন’।

পিপলু আর খান পরিচালিত ছবিটি পেয়েছে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে বাংলাদেশের আরেকটি ছবি সম্মাননা পেয়েছে। মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ প্রামাণ্যচিত্র বিভাগে পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর হয় এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।

‘জয়া আর শারমিন’–এর প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্বীকৃতি এবং উৎসবে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের উষ্ণ সাড়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এ পুরস্কারকে ছবির সব শিল্পী ও কলাকুশলীর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও উৎসাহের একটি অর্জন হিসেবে দেখছেন তিনি।

ছয় দিনের উৎসবে প্রদর্শিত হয়েছে মোট ৩৮টি চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে ছিল ১৯টি ছবি।

উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র অংশ নেয়। তিন সদস্যের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার চলচ্চিত্র ‘রিভার টেলস’। ছবিটি পরিচালনা করেছেন পঙ্কজ বরা। এ বিভাগে জুরি মেনশন পেয়েছে নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চি পরিচালিত শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘প্যানট্রাম’।

প্রামাণ্যচিত্র বিভাগে সেরা ছবির ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্রের ‘হরিসাধন দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’।

আরও পড়ুন <<>> দেশে ফিরেই ভেনিসে হামলার ঘটনার বর্ণনা দিলেন বাঁধন

স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’পেয়েছে ড. ধৃতিশ্রী সরকার পরিচালিত ‘দ্য টেল অব কথা’। একই বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহ পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘সাডেনলি রাইজ’।

মহামারির সময়কার লকডাউনের পটভূমিতে নির্মিত ‘জয়া আর শারমিন’ বাংলা ভাষার ৮৬ মিনিটের একটি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। অভিনেত্রী জয়া ও তার গৃহকর্মী শারমিনের সম্পর্কের পরিবর্তনকে ঘিরে ছবির গল্প। একই ছাদের নিচে আটকে থাকা দুই নারীর নিঃসঙ্গতা, পরস্পরের ওপর মানসিক নির্ভরতা এবং তাদের সম্পর্কের মধ্যে থাকা শ্রেণি ও ক্ষমতার ব্যবধান উঠে এসেছে ছবিতে।

জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শারমিনের ভূমিকায় রয়েছেন মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তার। গল্প রাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন, সি-তে সিনেমার জয়া আহসান ও অ্যাপলবক্স ফিল্মসের পিপলু আর খান যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়