Apan Desh | আপন দেশ

চীন ছেড়েই তাইওয়ান নিয়ে নতুন সতর্কবার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪১, ১৬ মে ২০২৬

চীন ছেড়েই তাইওয়ান নিয়ে নতুন সতর্কবার্তা ট্রাম্পের

ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১৫ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বার্তা দেন।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীনতার পথে যাক।’

দুই দিনের বেইজিং সফর শেষে ট্রাম্পের এ মন্তব্য তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে নতুন করে আলোচনায় এনেছে। এর আগে তিনি বলেছিলেন, ‘তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ নয়।’ তবে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন একদিকে তাইওয়ানকে সামরিক সহায়তা দিয়ে আসছে, অন্যদিকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও বজায় রেখেছে।

যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান অনুযায়ী, তারা তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতাকে সমর্থন করে না এবং ‘এক চীন নীতি’ অনুসরণ করে। যদিও তাইওয়ানের অধিকাংশ মানুষ নিজেদের পৃথক জাতি হিসেবে বিবেচনা করে, তবুও বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষেই বেশি সমর্থন রয়েছে। অর্থাৎ, তারা চীনের সঙ্গে একীভূতও হতে চায় না, আবার আনুষ্ঠানিক স্বাধীনতাও ঘোষণা করতে চায় না।

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমরা ৯ হাজার ৫০০ মাইল দূরে গিয়ে যুদ্ধ করতে চাই না। আমি চাই উত্তেজনা কমুক এবং চীন শান্ত থাকুক।’

ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের তিনি জানান, শি জিনপিংযের সঙ্গে তাইওয়ান ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন : হজ পালনে সৌদি গেলেন পৌঁছেছেন ৫৮৩৪৭ বাংলাদেশি

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, ‘তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি ভুলভাবে পরিচালিত হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়