ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুল আল-মোহিত।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. মো. সজীব আলীর মেয়াদ ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর শেষ হয়েছে। উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক হিসেবে অধ্যাপক ড. মো. আব্দুল আল-মোহিতকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ বছরের জন্য বিভাগীয় সভাপতি পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন<<>>ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ইবি-ব্র্যাক সমঝোতা সই
নবনিযুক্ত বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করা শিক্ষকতা জীবনে আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। এটি আমার জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্ব ও আবেগের বিষয়। আমি মনে করি, একটি বিভাগের উন্নয়ন কখনো একা করা সম্ভব নয়। তাই শিক্ষার মান উন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও সুন্দর কর্মপরিবেশ তৈরিতে বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।
তিনি বলেন, আমার অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা। পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়িয়ে গণিতের শিক্ষার্থীদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা। আমি চাই, আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করবে না; তারা সততা, আত্মবিশ্বাস ও প্রতিকূলতা মোকাবিলার সাহস নিয়ে ভবিষ্যতে দেশের ও আন্তর্জাতিক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণ কামনা করছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































