ছবি: আপন দেশ
রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরমান আলী (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলগুচ্ছ গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাশের বানিয়াল গ্রামের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেফতার আরমান আলী পাঁচন্দর ইউনিয়নের কোয়েলগুচ্ছ গ্রামের মৃত সলেমানের ছেলে।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে ওই শিশু ও তার আড়াই বছর বয়সী ছোট ভাই বাড়িতে টেলিভিশন দেখছিল। এ সময় আরমান আলী টেলিভিশনের অনুষ্ঠান দেখার কথা বলে ওই বাড়িতে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির মা ছাগল আনতে মাঠে যান। তিনি স্বামী পরিত্যক্তা।
অভিযোগ রয়েছে, শিশুটির মা বাড়ির বাইরে যাওয়ার সুযোগে আরমান আলী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে যান। পরে শিশুটির মা বাড়িতে ফিরে এলে শিশুটি তাকে বিষয়টি জানায়।
আরও পড়ুন<<>>শিশুকে বলাৎকার, জামায়াতের সাবেক নেতা গ্রেফতার
পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি গ্রামের মাতব্বরদের জানানো হয়। তারা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে সে চেষ্টা ব্যর্থ হলে শনিবার রাতে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগেই অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরে রোববার দুপুরে পাশের বানিয়াল গ্রামের লোকজন আরমান আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে তানোর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় তানোর থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































