ফাইল ছবি, আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২৯ আগস্ট হতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে শনিবার থেকেই পুনরাদেশ না দেয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এ পদে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এ পদের সকল সুবিধাপ্রাপ্ত হবেন।
আরও পড়ুন<<>>বই দেখে পরীক্ষা: ২ শিক্ষককে অব্যাহতি, বহিষ্কার ৪
নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এ পদে আস্থা রাখায় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার স্যারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। রেজিস্ট্রার অফিস টা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রের মতো। শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাই এ দফতরের সেবাগ্রহীতা। আমি চেষ্টা করব দল মত নির্বিশেষে সবাইকে সর্বোত্তম সেবা প্রদানের জন্য। আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
এর আগে, গত বছরের মার্চে রেজিস্ট্রার পদে নিয়োগকে কেন্দ্র করে ইবি উপাচার্যের কার্যালয়ে নজিরবিহীন হট্টগোল হয়। এরপর ০৫ মার্চ ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তন আসে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































