Apan Desh | আপন দেশ

ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫৯, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে ফলাফল ঘোষণার সময় তিনি ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবিদ লিখেছেন, পরিকল্পিত কারচুপির এ ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এ পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হলেও সন্ধ্যা থেকে উত্তেজনা তৈরি হয়। রাত দেড়টার পরে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। শুরুতেই দেখা যায়, ডাকসুতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) বিভিন্ন পদে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

ভোট ঘোষণা চলার মধ্যে ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও রাত ২টা ২০ মিনিটের দিকে ফেবসুকে পোস্ট দেন। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন—এটিই তাদের রায়, তবে এ রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ। তিনি আরও লেখেন, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুন<<>>ডাকসু নির্বাচন: জয়ের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন প্যানেল

শেখ তানভীর বারী হামিম আরও লিখেছেন, যাহোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে, আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং যত দিন থাকব আপনাদের পাশেই থাকব।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে রাত আড়াইটার দিকে লিখেছেন, চলিতেছে সার্কাস। কে কে দেখছেন?

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ছাত্রদল ব্যাপক কারচুপির অভিযোগ আনে। আবিদুল ইসলাম বলেন, এ নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এ নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট গ্রহণ করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch